
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের আটে বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ড্র করার পর আইসিসির বার্ষিক র্যাঙ্কিং হালনাগাদে বড় অগ্রগতি দেখিয়েছে বাংলাদেশ দল। মঙ্গলবার (৫ মে) প্রকাশিত নতুন তালিকায় এক ধাপ এগিয়ে টাইগাররা এখন অষ্টম স্থানে উঠে এসেছে।
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ২২৫। এই পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠে আসার মাধ্যমে শ্রীলঙ্কাকে পেছনে ফেলেছে টাইগাররা। অন্যদিকে, ছয় পয়েন্ট হারিয়ে শ্রীলঙ্কা নবম স্থানে নেমে গেছে। শ্রীলঙ্কার ঠিক পেছনেই ২২০ পয়েন্ট নিয়ে দশম অবস্থানে রয়েছে আফগানিস্তান।
র্যাঙ্কিংয়ের শীর্ষে বরাবরের মতোই আধিপত্য ধরে রেখেছে ভারত। ২৭৫ পয়েন্ট নিয়ে তারা প্রথম স্থানে অবস্থান করছে। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এছাড়া শীর্ষ সাতের মধ্যে থাকা নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ নিজেদের অবস্থানে কোনো পরিবর্তন দেখেনি।
এই বার্ষিক হালনাগাদে গত এক বছরের পারফরম্যান্সকে শতভাগ বিবেচনায় নেওয়া হয়েছে। এছাড়া এর আগের দুই বছরের ম্যাচগুলোর পারফরম্যান্স ৫০ শতাংশ হিসেবে গণনা করা হয়েছে। এই নিয়মের ফলে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ভালো খেলা দলগুলোর র্যাঙ্কিংয়ে দ্রুত উন্নতি লক্ষ্য করা যাচ্ছে।












































