মঙ্গলবার । মে ৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৫ মে ২০২৬, ৩:২৪ অপরাহ্ন
শেয়ার

আইসিসির শাস্তির মুখে নিগার সুলতানা জ্যোতি


joty

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার তিক্ত অভিজ্ঞতার পর এবার ব্যক্তিগত শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সিরিজের শেষ ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে আইসিসির আচরণবিধি ভাঙায় তাকে সরকারিভাবে তিরস্কার করা হয়েছে। একই সঙ্গে তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শনিবার (২ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ চলাকালে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবে মাঠ ছাড়ার সময় জ্যোতি ক্ষোভের সাথে নিজের ব্যাট মাটিতে ছুঁড়ে মারেন। আইসিসির নিয়ম অনুযায়ী, মাঠের ভেতর ক্রিকেট সরঞ্জামের এমন অপব্যবহার লেভেল-১ পর্যায়ের অপরাধ হিসেবে গণ্য করা হয়।

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ মাসের মধ্যে এটিই জ্যোতির প্রথম অপরাধ। অধিনায়ক নিজের ভুল স্বীকার করে নিয়ে ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন, ফলে বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

ম্যাচটিতে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করা এলোইস শেরিডান, সাথিরা জাকির জেসি এবং তৃতীয় ও চতুর্থ আম্পায়ারের সম্মিলিত অভিযোগের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, লেভেল-১ অপরাধের ক্ষেত্রে সাধারণত খেলোয়াড়দের তিরস্কারের পাশাপাশি ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়ার নিয়ম রয়েছে।