রবিবার । মে ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৩ মে ২০২৬, ৩:১৪ অপরাহ্ন
শেয়ার

আইনি লড়াই করতে প্রস্তুত, তবে নিরাপত্তা চাই: সাকিব


sakib al hasan

সাকিব আল হাসান

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, তিনি দেশে ফিরে আইনি লড়াই করতে সম্পূর্ণ প্রস্তুত। তবে দেশে ফেরার ক্ষেত্রে তাঁর প্রধান শর্ত হলো জীবনের নিরাপত্তা ও আইনি হয়রানি থেকে মুক্তির নিশ্চয়তা। বর্তমানে দেশের বাইরে অবস্থান করা সাকিব তাঁর বিরুদ্ধে হওয়া বিভিন্ন মামলা প্রসঙ্গে নিজের এই অবস্থান পরিষ্কার করেছেন।

সাকিব আল হাসান জানান, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং মামলার মুখোমুখি হতে তাঁর কোনো আপত্তি নেই। তবে তিনি কোনো বিশেষ প্রটোকল বা বাড়তি সুবিধা চাচ্ছেন না। একজন সাধারণ নাগরিক হিসেবে আইনি প্রক্রিয়া চলাকালীন যেন তাঁকে অযথা হয়রানি না করা হয়, সেই নিশ্চয়তাটুকুই কেবল তিনি দাবি করেছেন।

সাকিবের ভাষ্যমতে, এই নিশ্চয়তা কাল দেওয়া হলে আমি পরশুই দেশে ফিরব।

বর্তমানে সাকিবের নামে হত্যা মামলাসহ চেক জালিয়াতি ও শেয়ার বাজার কেলেঙ্কারির মতো বেশ কিছু মামলা রয়েছে। এসব বিষয় নিয়ে তিনি বলেন, ‘আমি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চাই কিন্তু আমার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সাকিব দেশের বাইরে অবস্থান করছেন। এর আগেও একবার দেশে ফেরার উদ্যোগ নিলেও পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। এখন পর্যাপ্ত নিরাপত্তা ও হয়রানিমুক্ত আইনি পরিবেশ পেলে তিনি দ্রুতই দেশে ফিরে সব অভিযোগের মোকাবিলা করতে চান।