
ফাইল ছবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে শাহবাগ, ধানমন্ডিসহ রাজধানীর সাতটি পয়েন্টে বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় জানানো হয়, রাজধানীর ধানমণ্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলামোটর, কারওয়ান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে দায়িত্ব পালন করছেন।
এর আগে গতকাল (২২ জুন) দেশের সার্বিক নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশের ৬টি জেলায় সেনাবাহিনী ও ৫টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় আজ নতুন করে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পয়েন্টগুলোতে সীমান্তরক্ষী এই বাহিনীকে মোতায়েন করা হলো।






































