মঙ্গলবার । জুন ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৩ জুন ২০২৬, ৮:২৫ অপরাহ্ন
শেয়ার

উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে মুখ খুলল ভারত


jahed

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সাম্প্রতিক ভারত সফরকে ঘিরে সৃষ্ট আলোচনা ও গুঞ্জনের মধ্যে মঙ্গলবার (২৩ জুন) সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে ভারত সরকার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তবে অনুমতি পাওয়ার পরও তিনি সম্মেলনে অংশ না নিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

মুখপাত্র বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা গত ১৪ জুন একটি ব্যক্তিগত পাসপোর্ট ও সার্ক ভিসা নিয়ে ভারতে আসেন। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের ২৮তম বৈঠকে অংশ নেওয়াই ছিল তার এই সফরের মূল উদ্দেশ্য।

রণধীর জয়সওয়াল জানান, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর অভিবাসন (ইমিগ্রেশন) কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে তার সফরের উদ্দেশ্য ও পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে ভারতে প্রবেশের ছাড়পত্র দেওয়া হয়েছিল। তবে তিনি আর প্রবেশ না করে নিজ ইচ্ছায় ঢাকা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

ভারতীয় সূত্র মারফত জানা গেছে, নিরাপত্তা-সংক্রান্ত একটি বিশেষ নজরদারি তালিকায় (ওয়াচ লিস্ট) নাম থাকায় অভিবাসন কর্মকর্তারা তাকে সাময়িকভাবে আটকে রেখেছিলেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর জটিলতার অবসান ঘটলেও শেষ পর্যন্ত তিনি সফর বাতিল করে ঢাকা ফিরে আসেন।