মঙ্গলবার । জুন ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৩ জুন ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন
শেয়ার

ইসলাম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো


esposito

হলিউড অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো

জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ‘গাস ফ্রিং’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া হলিউড অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সৌদি আরবে একটি বড় বাজেটের চলচ্চিত্রের শুটিং করতে গিয়ে সেখানকার মানুষের জীবনযাত্রা ও আতিথেয়তায় মুগ্ধ হয়ে তিনি এই সিদ্ধান্ত নেন।

সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখের বরাত দিয়ে দেশটির শীর্ষ সংবাদমাধ্যম আরব নিউজ ও সৌদি গেজেট এই খবরটি নিশ্চিত করেছে।

তুর্কি আল-শেখ জানান, সৌদিতে অবস্থানকালে মুসলিমদের সাথে মেলামেশা ও সেখানকার ইতিবাচক অভিজ্ঞতা জিয়ানকার্লোর মনে গভীর প্রভাব ফেলে। পরবর্তীতে তিনি ‘কালেমা শাহাদাহ’ পাঠ করে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তরিত হওয়ার পর স্থানীয় একটি মসজিদে শুটিং সেটের অন্যান্য মুসলিম সদস্যদের সঙ্গে তাঁর নামাজ আদায়ের একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

কয়েক দশকের দীর্ঘ ক্যারিয়ারে ‘ব্রেকিং ব্যাড’ ছাড়াও ‘বেটার কল সল’ এবং ‘দ্য ম্যান্ডালোরিয়ান’-এর মতো বিখ্যাত হলিউড সিরিজে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন ৬৫ বছর বয়সী এই মার্কিন অভিনেতা। বিশেষ করে তাঁর ঠান্ডা মাথার খলনায়ক ‘গাস ফ্রিং’ চরিত্রটি তাঁকে আন্তর্জাতিক খ্যাতি ও একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কারের মনোনয়ন এনে দেয়।

বর্তমানে সৌদি আরবের বড় চলচ্চিত্র প্রজেক্ট ‘সেভেন ডগস’-এর শুটিংয়ে সেখানে অবস্থান করছেন এই অভিনেতা। বিনোদন ও চলচ্চিত্র খাতকে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যেতে এবং আন্তর্জাতিক তারকাদের আকৃষ্ট করতে সৌদি আরব যে ব্যাপক কাজ করছে, এই আয়োজন তারই অংশ। আর সেই কাজের সূত্র ধরেই ইসলাম ধর্মের চাদরে নিজেকে জড়ালেন এই হলিউড তারকা, যা এখন বিশ্বজুড়ে তাঁর কোটি ভক্তের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।