
অমিতাভ বচ্চন
বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন আট দশকের বেশি বয়সেও নিজের কাজ নিয়ে আপোসহীন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সাফল্য অর্জন করলেও এখনও নিজের অভিনয় বা কাজ নিয়ে আত্মসমালোচনা করেন তিনি। সম্প্রতি এক ব্লগ পোস্টে অমিতাভ জানিয়েছেন, একটি কাজ শেষ করার পর তার মনে হয়েছে সেটি আরও ভালোভাবে করা যেত। সেই ভাবনা থেকেই তিনি কাজটির একটি অংশ নতুন করে করেন। তবে পুনরায় করার পরও তার মনে প্রশ্ন রয়ে গেছে—আসলেই কি আগের চেয়ে ভালো হয়েছে?
নিজের ব্লগে ‘বিগ বি’ লিখেছেন,
কাজের কিছু মুহূর্ত শেষ করার পর মনে হলো আরও ভালো করা যেত। অনুমতি নিয়ে আবার করলাম। কিন্তু এখন বুঝতে পারছি না, সেটি সত্যিই ভালো হয়েছে কি না। যারা দেখবেন, তারাই বলতে পারবেন।
তিনি জানান, এই চিন্তাই তাকে সারারাত জাগিয়ে রেখেছে। কাজ নিয়ে এতটাই ভাবনায় ছিলেন যে কখন রাত পেরিয়ে সকাল হয়ে গেছে, তা টেরই পাননি।
অমিতাভ বচ্চন তার কোন কাজ নিয়ে এমন মন্তব্য করেছেন না অবশ্য পোস্টে নিশ্চিত করেননি। তবে তাকে আগামীতে দেখা যাবে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কাল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েলে। পরিচালক নাগ অশ্বিন নির্মিত প্রথম চলচ্চিত্রে তিনি অশ্বত্থামা চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। অনেক সমালোচকের মতে, ছবিতে তিনি প্রধান অভিনেতা প্রভাসকেও অভিনয়ে ছাপিয়ে গিয়েছিলেন।
সিক্যুয়েলেও অমিতাভের সঙ্গে থাকছেন প্রভাস ও কমল হাসান। তবে প্রথম ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবার ফিরছেন না।
ভারতীয় গণমাধ্যমের খবরে, দীপিকার পরিবর্তে অভিনেত্রী সাই পল্লবী নতুন কিস্তিতে যোগ দিতে পারেন। যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি নির্মাতা প্রতিষ্ঠান।
বর্তমানে ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিক্যুয়েলের শুটিং চলছে। আর ৮৩ বছর বয়সেও কাজ নিয়ে অমিতাভ বচ্চনের এই নিরলস নিষ্ঠা ও আত্মসমালোচনার মানসিকতা আবারও প্রমাণ করল, কেন তিনি ভারতীয় সিনেমার অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে বিবেচিত।









































