
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি তার বিকৃত ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ায় আইনি সুরক্ষা চেয়ে মুম্বাই হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। মেটা, গুগলসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া এসব ‘ডিপফেক’ কনটেন্ট তার সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং ব্যক্তিগত গোপনীয়তা ও কপিরাইট লঙ্ঘন করছে বলে আদালতে অভিযোগ করেছেন তিনি।
প্রীতি জিনতা ১৯৫৭ সালের কপিরাইট আইনের অধীনে নিজের নৈতিক অধিকার রক্ষারও আবেদন জানিয়েছেন। বিচারপতি অভয় আহুজার একক বেঞ্চ তার আবেদন গ্রহণ করে ব্যক্তিগত অধিকার ও সুরক্ষার স্বার্থে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।
এর আগে অমিতাভ বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো বলিউড তারকারাও অনুমতি ছাড়া তাদের ছবি, নাম ও কণ্ঠস্বর ব্যবহারের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হয়েছিলেন। বর্তমানে নতুন সিনেমা ‘বাটোয়ারা ১৯৪৭’-এর প্রচারণায় ব্যস্ত থাকলেও এআই-নির্ভর জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন প্রীতি জিনতা।









































