
আলোচিত অভিনেতা ফারহান আহমেদ জোভান ও তাঁর স্ত্রী সাজিন আহমেদ নির্জনা কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। ১১ জুন ঘটে যাওয়া এ দুর্ঘটনার পর তাঁরা ঢাকায় ফিরে চিকিৎসা নিচ্ছেন।
জোভান জানান, হিমছড়ি এলাকায় স্কুটি চালানোর সময় সামনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা হঠাৎ কোনো সংকেত ছাড়াই ইউটার্ন নেওয়ায় ব্রেক করতে গিয়ে তাঁরা দুজনই রাস্তায় পড়ে যান। এতে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও জখম হয়। বর্তমানে নিয়মিত চিকিৎসা ও ড্রেসিং চলছে। চিকিৎসকের পরামর্শে তিনি সব শুটিং বাতিল করে বিশ্রামে রয়েছেন।
দুর্ঘটনার অভিজ্ঞতা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জোভান বলেন, অতিরিক্ত গতি ও সামান্য অসাবধানতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে নিরাপদে চলাচলের পরামর্শ দেন তিনি।










































