বৃহস্পতিবার । জুন ১৮, ২০২৬
বিজনেস ডেস্ক বিজনেস ১৮ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শেয়ার

জুনের ১৭ দিনে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার


remittance

ফাইল ছবি

দেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের পালে হাওয়া লেগেছে। চলতি জুন মাসের প্রথম ১৭ দিনেই দেশে ১৮১ কোটি ৬০ লাখ (প্রায় ১৮২ কোটি) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। আজ বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, চলতি জুন মাসের প্রথম ১৭ দিনে প্রবাসীরা যে ১৮১ কোটি ৬০ লাখ ডলার পাঠিয়েছেন, তা গত বছরের একই সময়ের তুলনায় বেশ বেশি। গত বছরের এই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৭৫ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে দেশে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

ব্যাংক খাতের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে শুরু করে ১৭ জুন পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৪৫৭ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এই রেমিট্যান্স প্রবাহ ১৮ দশমিক ১০ শতাংশ বেশি।

সাম্প্রতিক মাসগুলোতে রেমিট্যান্স আসার গতি ছিল বেশ চাঙ্গা। এর আগে গত মে মাসে দেশে মোট ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে একক কোনো মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। তার আগে গত এপ্রিলে এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর গত মার্চ মাসে এসেছিল রেকর্ড ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে যেকোনো একক মাসে আসা সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরজুড়েই প্রবাসীদের টাকা পাঠানোর গতি ছিল ঊর্ধ্বমুখী। ওই অর্থবছরে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছিলেন, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড গড়েছিল। সেই ধারাবাহিকতা চলতি জুন মাসেও বজায় রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।