শনিবার । জুন ২০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৮ জুন ২০২৬, ৯:৩৮ অপরাহ্ন
শেয়ার

পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন


ADC-Sacklain-Porimoni

সংগৃহীত ছবি

চিত্রনায়িকা পরীমণির সঙ্গে বিবাহবহির্ভূত অনৈতিক সম্পর্কের অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. গোলাম সাকলায়েনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বর্তমানে তিনি ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিবির গুলশান বিভাগে দায়িত্ব পালনকালে গোলাম সাকলায়েন চিত্রনায়িকা পরীমণির সঙ্গে নৈতিকতাবহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। তাঁদের বিবাহবহির্ভূত সম্পর্ক, জন্মদিন উদ্‌যাপন এবং সরকারি বাসভবনে স্ত্রীর অনুপস্থিতিতে একসঙ্গে সময় কাটানোর বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

এ ঘটনায় ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাঁর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। অভিযোগের জবাব, ব্যক্তিগত শুনানি ও তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে মত দেন তদন্ত কর্মকর্তা। পরে দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত নেওয়া হলে সংস্থাটি বাধ্যতামূলক অবসরের শাস্তি দেওয়ার সুপারিশ করে।

এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি গত ১৭ জুন তাঁর বিরুদ্ধে বাধ্যতামূলক অবসরের শাস্তি অনুমোদন করেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান অনুসারে তাঁকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।