
ছবি: সংগৃহীত
মেক্সিকোর বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ড দেখার বড় খেসারত দিতে হচ্ছে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ মিডফিল্ডার থেম্বা জোয়ানেকে। ফাউলের মাত্রা বিবেচনা করে আজ বৃহস্পতিবার (১৮ জুন) তাকে আগামী ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ডিসিপ্লিনারি কমিটি।
আজতেকা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের ৮৪ মিনিটে মেক্সিকান ডিফেন্ডার রবার্তো আলবারাডোর মুখে আঘাত করায় ৩৬ বছর বয়সী এই মিডফিল্ডারকে সরাসরি লাল কার্ড দেখান ব্রাজিলিয়ান রেফারি উইলটন সাম্পাইও। বদলি বেঞ্চ থেকে মাঠে নামার মাত্র ২০ মিনিটের মাথায় এই অবিবেচকের মতো কাণ্ড ঘটিয়ে বসেন জোয়ানে।
জোয়ানের এই লাল কার্ডটি ছিল বাফানা বাফানাদের জন্য দ্বিতীয় বড় ধাক্কা। এর আগে ম্যাচের শুরুর দিকেই আসরের প্রথম লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দক্ষিণ আফ্রিকার আরেক মিডফিল্ডার শেফেলো সিথোলে। ফলে ম্যাচ শেষ হওয়ার আগেই ৯ জনের দলে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা।
ম্যাচ শেষে দলের কোচ হুগো ব্রুস লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। সিথোলের লাল কার্ডটি মেনে নিয়ে তিনি বলেন, “প্রথম লাল কার্ড নিয়ে আমার কোনো আপত্তি নেই। তাদের খেলোয়াড় একাই গোলের দিকে এগিয়ে যাচ্ছিল, সিথোলে ফাউল করেছে—আমি এটা মেনে নিচ্ছি।”
তবে জোয়ানের লাল কার্ডের সিদ্ধান্তটি পুরোপুরি মেনে নিতে পারেননি কোচ। অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “দ্বিতীয় লাল কার্ড নিয়ে আলোচনা করার সুযোগ আছে। মেক্সিকান খেলোয়াড় আমাদের খেলোয়াড়কে ব্লক করেছিল। তবে রেফারির সিদ্ধান্ত আমাদের মেনে নিতেই হবে। কিন্তু আমার মনে হয় এই ঘটনায় লাল কার্ড এড়িয়ে যাওয়া যেত।”
বিশ্বকাপের স্বাভাবিক নিয়ম অনুযায়ী সরাসরি লাল কার্ড দেখলে ১ ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হয়। তবে জোয়ানের ফাউলের তীব্রতা ও গুরুতর আচরণ বিবেচনা করে শাস্তির মেয়াদ বাড়িয়ে ৩ ম্যাচ করার কঠোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা। অবশ্য বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি এটিও জানিয়েছে যে, এই শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবে দক্ষিণ আফ্রিকার ফুটবল ফেডারেশন।









































