
এসএসএফ-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী
বিশেষায়িত বাহিনী হিসেবে সাহস, দক্ষতা, কৌশল ও সর্বাধুনিক প্রযুক্তিতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর কোনোভাবেই পিছিয়ে থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৮ জুন) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসএসএফ-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতি এবং প্রযুক্তির দ্রুত অগ্রগতির কারণে নিরাপত্তা চ্যালেঞ্জ বহুমাত্রিক হয়ে উঠেছে। তাই আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহার করে বাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে হবে।
তিনি আরও বলেন, এসএসএফের সঙ্গে তার পরিচয় দীর্ঘদিনের। আর সরকার প্রধান হিসেবে বর্তমানে তিনি প্রতিনিয়ত খুব কাছ থেকে এসএসএফ-এর কার্যক্রম পর্যবেক্ষণ করছেন বলেও উল্লেখ করেন।
নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনগণের সঙ্গে দূরত্ব তৈরি না করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নিরাপত্তা বলয় যেন জনগণ ও সরকার প্রধানের মধ্যে দূরত্ব সৃষ্টি না করে, সে বিষয়ে এসএসএফকে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে তিনি জানান, আজই (১৮ জুন) এসএসএফের জন্য একটি আধুনিক ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেছেন তিনি, যা সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বাহিনীর ‘রেড বুক’ আধুনিকায়ন করা হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, নিরাপত্তা বাহিনীর জন্য পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা ও চেইন অব কমান্ড বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও সম্মান বজায় রাখার দিকেও নজর দিতে হবে।
তিনি আরও বলেন, বিভিন্ন বাহিনী ও সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর করা সম্ভব।












































