
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর শরিয়াহভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ ইসলামিক’-এর বিশেষ ক্যাম্পেইনে উমরাহ প্যাকেজ বিজয়ী পাঁচজন সৌভাগ্যবান গ্রাহক পবিত্র উমরাহ পালন করতে গেছেন। মঙ্গলবার সকালে তারা জেদ্দায় অবতরণ করেন।
এই পাঁচ বিজয়ীর উমরাহ পালনের যাবতীয় ব্যয়ভার ‘নগদ ইসলামিক’-এর পক্ষ থেকে বহন করা হচ্ছে।
বিজয়ীরা হলেন – ঢাকার অটোরিকশাচালক মো. জুবায়ের হোসেন, ঢাকার কাফরুল এলাকার রাজমিস্ত্রি মো. শাহজাহান, লালমনিরহাটের কৃষক মো. মানিক, খুলনার চা বিক্রেতা আলী আকবর শেখ এবং চাঁপাইনবাবগঞ্জের ঠিকাদার মো. রেদোয়ান হোসেন।
এর আগে এই পাঁচজন বিজয়ীর ওমরা আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করার পর সোমবার নগদ অফিসে ছোট্ট একটি আয়োজনের মাধ্যমে তাদের কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়। এসময় বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মোতাসেম বিল্লাহ বলেন, ‘সমাজের নিম্ন আয়ের মানুষের জন্য পবিত্র উমরাহর এমন সুযোগ করে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। গ্রাহকদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ স্বপ্ন পূরণে অংশীদার হতে পারা অবশ্যই গৌরবের।’
তিনি বলেন, ‘নগদ ইসলামিক শুধু একটি লেনদেনের মাধ্যম নয়, বরং গ্রাহকদের ধর্মীয় অনুভূতি ও আবেগের প্রতি শ্রদ্ধাশীল একটি প্ল্যাটফর্ম। এই পাঁচজন ধর্মপ্রাণ মানুষ যখন পবিত্র কাবা শরিফ তাওয়াফ করবেন, সেই আনন্দের অংশীদার পুরো নগদ পরিবার। আগামীতেও আমাদের গ্রাহকদের জন্য এই ধরণের আধ্যাত্মিক ও কল্যাণকর উদ্যোগ অব্যাহত থাকবে।’
সম্পূর্ণ ইসলামিক শরিয়াহ বোর্ডের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত ‘নগদ ইসলামিক’ অ্যাকাউন্ট ব্যবহার করে গ্রাহকেরা কোনো প্রকার সুদ ছাড়াই তাদের কষ্টার্জিত অর্থ ডিজিটালি লেনদেন করতে পারছেন।















































