
ছবি: সংগৃহীত
১৯৯৪ সালে ব্রাজিলকে বিশ্বচ্যাম্পিয়ন করা কিংবদন্তি কোচ কার্লোস আলবার্তো পেরেইরা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করতে থাকা ৮৩ বছর বয়সী এই কোচের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রিও ডি জেনেইরোর সামারিতানো বারা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করানো হয়েছে।
২০২৩ সালে পেরেইরার শরীরে ‘হজকিনস লিম্ফোমা’ (এক ধরনের রক্তক্যান্সার) ধরা পড়ে। বুধবার হাসপাতালের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, “আইসিউতে ভর্তি পেরেইরা বর্তমানে যন্ত্রের (ভেন্টিলেটর) সহায়তায় শ্বাস নিচ্ছেন। রোগীর অবস্থা আপাতত স্থিতিশীল। তবে কবে নাগাদ তাঁকে সাধারণ কক্ষে স্থানান্তর করা যাবে, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।”
সাবেক কোচের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ১৯৯৪ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের তারকা সদস্য জিনহো। তিনি বলেন, “কোচের অবস্থা ভালো নয়। ফুসফুসজনিত জটিলতা দেখা দেওয়ায় হাসপাতালে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। তিনি স্থিতিশীল আছেন। এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা সবাই শুধু পেরেইরার জন্য প্রার্থনা করতে পারি।”
ব্রাজিল ফুটবল ইতিহাসের অন্যতম সফল মেন্টর কার্লোস আলবার্তো পেরেইরা। সেলেসাওদের শুধু ১৯৯৪ সালের বিশ্বকাপই জেতাননি, তাঁর অধীনে দল ২০০৪ সালের কোপা আমেরিকা এবং ২০০৫ সালের কনফেডারেশনস কাপের শিরোপাও ঘরে তোলে। ব্রাজিলের ডাগআউটে ১৭৭টি ম্যাচে কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। যার মধ্যে ১২৪টি জয়ের বিপরীতে মাত্র ১৪টি ম্যাচে পরাজয়ের মুখ দেখতে হয়েছে তাঁর দলকে, বাকি ৩৯টি ম্যাচ ড্র হয়। নিজ দেশ ব্রাজিল ছাড়াও আন্তর্জাতিক ফুটবলে কুয়েত, সৌদি আরব ও দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।
উল্লেখ্য, সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপ জেতার পর দীর্ঘ ২৪ বছর ধরে ‘হেক্সা’ বা ষষ্ঠ ট্রফির খোঁজে থাকা ব্রাজিল এবারও বিশ্বমঞ্চে শুভসূচনা করতে পারেনি; নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সেলেসাওদের। এমন সময়ে দলের সাবেক বিশ্বকাপজয়ী কোচের এই গুরুতর অসুস্থতার খবর বিশ্বজুড়ে ব্রাজিলিয়ান ফুটবল সমর্থকদের মাঝে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।








































