
ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক ও পোলতাভা অঞ্চলে হামলা চালিয়েছে রাশিয়া। ওই হামলায় তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
গত কয়েক সপ্তাহে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আলোচনা কার্যত স্থবির অবস্থায় থাকায়, মস্কো ও কিয়েভ একে অপরের বিরুদ্ধে হামলা আরও জোরদার করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দার গানঝা সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, ওই অঞ্চলের তিনটি জেলায় রুশ হামলায় এক ব্যক্তি নিহত এবং নয়জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি নিকোপোল অঞ্চলের ৭০ বছর বয়সী নারী।
অন্যদিকে ইউক্রেনের পোলতাভা অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ভিটালি দিয়াকিভনিচ জানান, শনিবার সন্ধ্যায় রাশিয়ার একটি হামলায় দুই জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। এদের মধ্যে ছয় জন শিশু রয়েছে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা শনিবার রাতে ইউক্রেনের ২৩৯টি ড্রোন ভূপাতিত করেছে।








































