
আষাঢ়ের অবিরাম বৃষ্টিও দমাতে পারেনি সুরের পিপাসাকে। বর্ষার রিনিঝিনি শব্দকে উপেক্ষা করেই ঢাক-ঢোলের গর্জন, বর্ণিল শোভাযাত্রা আর পিয়ানোর মেলবন্ধনে রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিশ্ব সংগীত দিবস উদযাপন। ২১ জুন আন্তর্জাতিক এই দিবসটি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে জমকালো এক অনুষ্ঠানমালার, যার প্রথম দিনটি গতকাল রবিবার মুখর ছিল দেশের শীর্ষ তারকাদের উপস্থিতিতে।
এদিন বিকেলে একাডেমির সংগীত ও নৃত্যকলা প্রাঙ্গণ থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়, যা পুরো এলাকা প্রদক্ষিণ করে জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর নাট্যশালার প্রবেশমুখে বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয়। লবিতে পিয়ানোর মায়াবী সুরে পরিবেশিত হয় ‘আগুনের পরশমনি’, ‘বাগিচায় বুলবুলি তুই’ এবং ‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়’র মতো কালজয়ী সব গান।
সন্ধ্যায় মূল মঞ্চে পর্দা ওঠার সঙ্গে সঙ্গেই এক মায়াবী আবেশ ছড়িয়ে পড়ে। পার্থ মজুমদারের পরিচালনায় শিল্পকলা একাডেমির যন্ত্রশিল্পীবৃন্দ অর্কেস্ট্রার মাধ্যমে শোনান ‘তুমি নির্মল করো’, ‘মিলন হবে কত দিনে’ এবং বিখ্যাত ‘লাম্বাডা’ গানের সুর।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ‘সংগীত সন্ধ্যা’র শুরুতেই দেশের একঝাঁক বরেণ্য কণ্ঠশিল্পী—আগুন, মেহরীন, ফাহমিদা নবী, আলিফ আলাউদ্দিন, পলাশ নূর, সাব্বির জামান, রমা, মিতা খন্দকার, পিয়াল হাসান, অনিমেষ ও অংকুর কুমার সমবেত কণ্ঠে গেয়ে ওঠেন দেশাত্মবোধক গান ‘ধনধান্য পুষ্প ভরা’। এর পরপরই বৈশ্বিক ঐক্যের প্রতীক হিসেবে তারা পরিবেশন করেন মাইকেল জ্যাকসনের বিখ্যাত ‘We are the world’ গানটি।

এরপর একক সংগীতে মঞ্চ মাতান পিয়াল হাসান, ফাহমিদা নবী, খান আসিফুর রহমান আগুন, অনিমা রায়, মনির খান, আলিফ আলাউদ্দিন, নাসির, শফি মণ্ডল ও ইয়াসমিন মুস্তারি। দেশের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীদের সমবেত গানের পাশাপাশি অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে চীন ও জাপান দূতাবাস থেকে আমন্ত্রিত শিল্পীদের বিশেষ পরিবেশনা। প্রথম দিনের আয়োজনের একদম শেষভাগে দর্শক মাতায় ইথুন বাবু অ্যান্ড ফ্রেন্ডস, অনিমেষ অ্যান্ড ফ্রেন্ডস এবং অংকন কুমারের ব্যান্ড সংগীত।
প্রথম দিনের এই জমকালো সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন জাসাস-এর আহ্বায়ক হেলাল খান। সংস্কৃতি মন্ত্রণালয়ের কানিজ মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সচিব মোহাম্মদ জাকির হোসেন।
দুই দিনব্যাপী এই উৎসবের সমাপনী আয়োজন অনুষ্ঠিত হবে আজ সোমবার (২২ জুন) বিকেল ৫টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালা মিলনায়তনে। দ্বিতীয় দিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. রুহুল কবির রিজভী।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক এমরান সালেহ প্রিন্স এবং জাসাস-এর সদস্য সচিব জাকির হোসেন রোকন। সমাপনী দিনের এই পর্বেও সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।









































