
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২২ জুন) লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া এক বক্তব্যে স্টারমার তার এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, আগামী সাধারণ নির্বাচনে লেবার পার্টিকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কি না—এ নিয়ে দলের মধ্যে প্রশ্ন ওঠায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
আবেগঘন বক্তব্যে স্টারমার বলেন, দায়িত্বে থাকার সময় তিনি যে সিদ্ধান্তই নিয়েছেন, সবকিছুই দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিয়েছেন।
তবে নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাবেন। স্টারমার জানিয়েছেন, সেপ্টেম্বর মাসে পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার আগেই নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শেষ করতে তিনি দলের পরিচালনা পর্ষদকে অনুরোধ করেছেন।
দায়িত্ব ছাড়ার পর তিনি সন্তানদের আরও বেশি সময় দিতে চান এবং একজন ভালো বাবা হওয়ার দিকে মনোযোগ দিতে চান বলে জানিয়েছেন স্টারমার।
স্টারমারের পদত্যাগ ঘোষণার পর এখন নতুন নেতৃত্ব বেছে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে লেবার পার্টি। আগামী কয়েক দিনের মধ্যেই নেতৃত্ব নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে কিয়ার স্টারমামের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অ্যান্ডি বার্নহামের নাম আলোচনায় এসেছে। গত সপ্তাহে মেকারফিল্ড আসনের উপনির্বাচনে জয়ী হওয়া বার্নহামের আজ সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে।







































