রবিবার । জুন ২১, ২০২৬
নিয়াজ মাহমুদ সাকিব ওয়ার্ল্ডকাপ গোল গ্রাফ ২১ জুন ২০২৬, ৮:০৩ অপরাহ্ন
শেয়ার

বিশ্বকাপ ফাইনালের অদ্ভূত, অবিশ্বাস্য ও কৌতূহল জাগানো গল্পগুলো


গোলগ্রাফ স্পেশাল- বিশ্বকাপ ফাইনালের অদ্ভুত ঘটনা

ফুটবল বিশ্বকাপের ফাইনাল মানেই নাটক, আবেগ আর ইতিহাস। কিন্তু কিছু কিছু ফাইনাল এমন সব অদ্ভুত ও অবিশ্বাস্য ঘটনাও উপহার দিয়েছে, যা খেলার বাইরেও কিংবদন্তি হয়ে আছে—কখনও হাস্যকর, কখনও নাটকীয়, আবার কখনও অবিশ্বাস্য মানবিক অভিজ্ঞতায় ভরা।

নিচে তেমনই কিছু বিশ্বকাপ ফাইনালের অদ্ভুত গল্প তুলে ধরা হলো।

১৯৩০ — একই ম্যাচ, দুই দেশের দুই বল, আর বিভক্ত ইতিহাস

প্রথম বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও উরুগুয়ে মুখোমুখি হয়। টুর্নামেন্ট শুরুর আগেই সিদ্ধান্ত ছিল আর্জেন্টিনা ও উরুগুয়ে নিজেদের আনা বল ব্যবহার করবে মাঠে। কিন্তু ভাগ্যক্রমে, দুই দলই পৌঁছায় ফাইনালে। দুই দলই গোঁ ধরে বসে থাকে নিজেদের বল ব্যবহার করবে।

কিন্তু পরিস্থিতি জটিল হয়ে পড়ে। দুই দলই দাবি জানায় তাদের নিজস্ব বলে খেলতে হবে।

শেষ পর্যন্ত ফিফা সভাপতি জুল রিমে সিদ্ধান্ত দেন—প্রথমার্ধে এক দলের বল, দ্বিতীয়ার্ধে আরেক দলের বল ব্যবহার করা হবে।

ম্যাচে দেখা যায় নাটকীয় পরিবর্তন। প্রথমার্ধে আর্জেন্টিনা ২-১ গোলে এগিয়ে যায়, স্কটল্যান্ড থেকে আর্জেন্টিনা যে বল আনিয়েছিলো, সেই বলে খেলেই তারা সুবিধা পায় বলে ধারণা করা হয়।

কিন্তু দ্বিতীয়ার্ধে উরুগুয়ে, ইংল্যান্ড থেকে আনা বল ব্যবহার করে আবার ঘুরে দাঁড়ায়।

শেষ পর্যন্ত , এক দুর্ঘটনায় একটি হাত হারিয়েছিলেন বলে ‘এল মানকো’ নামে পরিচিত উরুগুয়ের হেক্টর কাস্ত্রো, গোল করে ৪-২ ব্যবধানে উরুগুয়ের জয় নিশ্চিত করেন।

১৯৫০ — ‘এই কাগজে প্রস্রাব করো’ : মারাকানার মনস্তাত্ত্বিক যুদ্ধ

ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে ফাইনালের দিন একটি সংবাদপত্রের শিরোনাম ছিল—“Here are The World Champions”।

উরুগুয়ের অধিনায়ক ওবদুলিও ভারেলা এতে প্রচণ্ড ক্ষুব্ধ হন।

তিনি ২০টি কপি কিনে হোটেলের বাথরুমে ছড়িয়ে দেন এবং আয়নায় লেখেন—“এই খবরের কাগজ পদদলিত করো এবং প্রস্রাব করো।”

এরপর তিনি সতীর্থদের এটাই করতে নির্দেশ দেন, এবং এভাবেই শুরু হলো একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের সূচনা।

ব্রাজিল ১-০ গোলে এগিয়ে গেলেও এহেন কান্ডের পরে উরুগুয়ে অবিশ্বাস্যভাবে ফিরে এসে ২-১ গোলে জিতে যায়।

ম্যাচ শেষে ভারেলা একা একটি রিও বারে গেলে মানুষ তাঁকে চেনে কিন্তু ঘৃণা নয়, বরং অভিনন্দন জানায়—এক অদ্ভুত সম্মানের মুহূর্তই বটে তাঁর জন্য।

১৯৫৪ — “গোল! গোল! গোল!” : ঐতিহাসিক রেডিও চিৎকার

পশ্চিম জার্মানির বিপক্ষে হাঙ্গেরির বিপুল শক্তিশালী দলই ছিল ফেভারিট।

রেডিও ধারাভাষ্যকার হারবার্ট জিমারম্যান শুরু থেকেই একের পর এক হাঙ্গেরির গোল দেখে প্রায় হতাশ হয়ে পড়েছিলেন।

কিন্তু ম্যাচ বদলে যায়।

৮৪তম মিনিটে হেলমুট রানের শট জালে জড়ালে তিনি চিৎকার করে ওঠেন—

“Rahn shoots! Goal! Goal! Goal! Goal!”

তারপর আট সেকেন্ড নীরবতা—পুরো দেশ যেন শ্বাসরুদ্ধ হয়ে পড়ে।

এরপর তিনি আবার চিৎকার করে বলেন—“জার্মানি এগিয়ে গেছে ৩-২!”

এই ধারাভাষ্য আজও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে বিবেচিত।

১৯৭০ — কান্নায় ভেঙে পড়া ব্রাজিলিয়ান নায়ক

ইতালি বনাম ব্রাজিল ফাইনালের শেষ ২০ মিনিটে চোখে সমস্যা থাকবার পরও তস্তাঁও খেলছিলেন।

তিনি একসময় জানতে পারেন, তাঁর ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে।কিন্তু অস্ত্রোপচার ও কঠিন কিছু থেরাপির পর তিনি বিশ্বকাপে ফিরতে পারবেন।

ম্যাচে ব্রাজিল যখন শিরোপার খুব কাছে, তখন আবেগে ভেঙে পড়ে তিনি অবিরাম কাঁদতে থাকেন। ম্যাচ শেষে তিনি মেডেল নিজের সঙ্গে না রেখে সেই ডাক্তারকে দিয়ে দেন যিনি তাঁর চোখের অস্ত্রোপচার করেছিলেন।

১৯৮৬ — কাঁধ ভাঙা সত্ত্বেও খেলা চালিয়ে যাওয়া

আর্জেন্টিনা বনাম পশ্চিম জার্মানির ফাইনালে জোসে লুইস ব্রাউন প্রথম গোলের সময় ডিয়েগো মারাদোনাকে ফেলে দিয়ে বল জালে পাঠান।

কিন্তু কিছুক্ষণ পর তাঁর কাঁধ সরে যায়।

অবর্ণনীয় ব্যথা সত্ত্বেও তিনি মাঠ ছাড়তে অস্বীকৃতি জানান।

তিনি বলেন, তাঁকে বদলি করা যাবে না।

তিনি জার্সি কামড়ে ছিদ্র করে সেটিকে স্লিং হিসেবে ব্যবহার করেন এবং মাত্র ২৮ সেকেন্ড বাইরে থেকে আবার খেলায় ফেরেন।

আর্জেন্টিনা শেষ পর্যন্ত ৩-২ গোলে জয়ী হয়।

১৯৯০ — ভাঙা বুট, বদলের সিদ্ধান্ত এবং ইতিহাস সেরা পেনাল্টি

পশ্চিম জার্মানির অধিনায়ক লোথার ম্যাথাউস সাধারণত পেনাল্টি নিতেন।

কিন্তু ফাইনালে তিনি নিজের বুটের সমস্যার কারণে অ্যান্ড্রিয়াস ব্রেহমেকে দায়িত্ব দেন।

ব্রেহমে বাঁ পায়ে পেনাল্টি নিয়েও গোল করেছিলেন, এবং পরে ডান পায়ে নিখুঁত শটে ম্যাচ জেতান।

এটি ছিল বিশ্বকাপ ইতিহাসের অন্যতম অনন্য অর্জন।

১৯৯৪ — “কাওয়াসাকি!” : ড্রেসিংরুমের হাসির মুহূর্ত

২৪ বছর পর ব্রাজিল আবার শিরোপার খুব কাছে।

ফাইনালের আগে খেলোয়াড়েরা নার্ভাস ছিলেন। তখন ডিফেন্ডার রিকার্দো রোশা বলেন—

“আমরা জাপানিদের মতো লড়াই করবো… কাওয়াসাকি!” তিনি আসলে “কামিকাজি” বলতে চেয়েছিলেন, কিন্তু মোটরবাইক ব্র্যান্ডের নাম বলে ফেলেন। ড্রেসিংরুমে সবাই হেসে ফেটে পড়ে।

এই হাসির মুহূর্তই চাপ কমিয়ে দেয়।

এরপর ব্রাজিল টাইব্রেকারে ইতালিকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়।

এই গল্পগুলো প্রমাণ করে—বিশ্বকাপ শুধু ফুটবল নয়, এটি মানবিক আবেগ, ভুল, হাস্যরস, সাহস আর অবিশ্বাস্য ঘটনাগুলোর এক জীবন্ত ইতিহাস।