
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার চিঠি পাওয়ার পর বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার আলোচিত তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন। সংশ্লিষ্ট তিন ইউনিয়নের নতুন নাম চূড়ান্ত করা হবে গণশুনানির মাধ্যমে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানিয়েছেন, শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার নবগঠিত ‘মীরবাড়ি’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি চিঠি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছায়। চিঠিতে স্থানীয় জনগণের মতামত, ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে নতুন করে গণশুনানি করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসকের সঙ্গে টেলিফোনে বিষয়টি নিয়ে কথা বলা হয় বলে জানা গেছে।
জেলা প্রশাসক আরও জানান, চিঠি পাওয়ার পরপরই নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। গণশুনানির মাধ্যমে স্থানীয় মতামত নিয়ে নতুন নাম চূড়ান্ত করা হবে এবং পরবর্তীতে তা যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে গেজেট আকারে প্রকাশ করা হবে।
চলতি মাসের ১১ তারিখে প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক পুনর্গঠন করা হয়। এর মধ্যে নতুনভাবে গঠিত ‘মীরবাড়ি’, ‘সীমান্ত’, ‘দিগন্ত’সহ কয়েকটি ইউনিয়নের নামকরণ নিয়ে স্থানীয় পর্যায়ে শুরু থেকেই বিতর্ক তৈরি হয়।







































