রবিবার । জুন ২১, ২০২৬
স্পোর্টস ডেস্ক ওয়ার্ল্ডকাপ গোল গ্রাফ ২১ জুন ২০২৬, ৭:২৫ পূর্বাহ্ন
শেয়ার

ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, স্কটল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গেলেন রাফিনহা


raphinha

ছবি: সংগৃহীত

হাইতির জালে গোল উৎসব করে চেনা ছন্দে ফিরেছে ব্রাজিল। তবে ৩-০ ব্যবধানের বড় জয় পেয়েও স্বস্তিতে নেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেলেসাও শিবিরে এই অস্বস্তির পেছনের মূল কারণ উইঙ্গার রাফিনহার চোট। পরীক্ষা-নিরীক্ষার পর ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) নিশ্চিত করেছে, চোটের কারণে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাওয়া যাচ্ছে না এই বার্সেলোনা তারকাকে।

গত ম্যাচে মাঠের লড়াই চলাকালীন ৪০ মিনিটে ডান ঊরুর পেছনে চোট পেয়ে মাঠ ছাড়েন ২৯ বছর বয়সী রাফিনহা। শনিবার তার চোটাক্রান্ত স্থানে স্ক্যান করার পর সিবিএফ এক বিবৃতিতে জানায়, “পরীক্ষার পর রাফিনহার ডান ঊরুর পেছনের পেশিতে চোট ধরা পড়েছে। বর্তমানে চিকিৎসক দলের তত্ত্বাবধানে নিবিড় চিকিৎসা ও পুনর্বাসনের মধ্যে থাকবে সে। আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব তাকে সুস্থ করে মাঠে ফেরানো।”

তবে তিনি ঠিক কবে নাগাদ পুরোপুরি সুস্থ হয়ে ফিরবেন, তা নির্দিষ্ট করে জানায়নি সিবিএফ। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, নকআউট পর্ব বা শেষ ষোলোর ম্যাচে রাফিনহাকে দলে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

রাফিনহাকে হারানোর ধাক্কার মাঝেই নেইমার জুনিয়রকে নিয়ে বড় সুসংবাদ পেয়েছে ব্রাজিল। স্কটল্যান্ডের বিপক্ষে এই অভিজ্ঞ স্ট্রাইকারকে পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী কোচ কার্লো আনচেলত্তি। সেলেসাও বস বলেন, “নেইমার আগামীকাল (আজ) একক অনুশীলন করবে এবং সোমবার দলের মূল অনুশীলনে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারে আমি ভীষণ আশাবাদী।”

গ্রুপ পর্বের বাধা পেরিয়ে পরবর্তী রাউন্ডে চোখ রাখা ব্রাজিলের শেষ ম্যাচটি আগামী ২৫ জুন। বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। রাফিনহার অনুপস্থিতি কিছুটা ভোগালেও, নেইমারের প্রত্যাবর্তন ব্রাজিলের আক্রমণভাগকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।