
সংগৃহীত ছবি
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইডেনকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে নেদারল্যান্ডস। ব্রায়ান ব্রবি ও কোডি গাকপোর জোড়া গোলে একচেটিয়া আধিপত্য দেখিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষে উঠে এসেছে ডাচরা।
শনিবার (২০ জুন) হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই উচ্চ প্রেসিং ও দ্রুতগতির আক্রমণে সুইডেনকে চাপে রাখে নেদারল্যান্ডস। ম্যাচের ষষ্ঠ মিনিটে তিজানি রেইন্ডার্সের তৈরি আক্রমণ থেকে কোডি গাকপোর পাস পেয়ে প্রথম গোল করেন ব্রায়ান ব্রবি।
১৭তম মিনিটে ডেনজেল ডামফ্রিস ও ডনিয়েল মালেনের দারুণ সমন্বয়ে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন ব্রবি। প্রথমার্ধের শেষ দিকে সুইডেন একটি গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। এরপরও কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও ডাচ গোলরক্ষকের দৃঢ়তায় গোলের দেখা পায়নি তারা।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে নেদারল্যান্ডস। ৪৭তম মিনিটে ডামফ্রিসের সহায়তায় গোল করেন কোডি গাকপো। সাত মিনিট পর আবারও জাল খুঁজে নিয়ে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন লিভারপুলের এই ফরোয়ার্ড।
৫৯তম মিনিটে বদলি খেলোয়াড় অ্যান্থনি এলাঙ্গা কাউন্টার অ্যাটাক থেকে সুইডেনের হয়ে একটি গোল শোধ করলেও ম্যাচের ৮৯তম মিনিটে ক্রিসেনসিও সামারভিল গোল করে ডাচদের ৫-১ গোলের দাপুটে জয় নিশ্চিত করেন।
এই জয়ে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষে উঠে এসেছে নেদারল্যান্ডস। প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল ডাচরা। অন্যদিকে, প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে হারানো সুইডেন দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হেরে ধাক্কা খেল।












































