
ফাইল ছবি
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ ছয়টি গুরুত্বপূর্ণ জেলায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার। আগামী ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনা সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন।
সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক জরুরি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে।
সরকারের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের কারণে বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এবং জনসাধারণের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে। এমন পরিস্থিতি মোকাবিলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জীবন ও সম্পদের সুরক্ষার লক্ষ্যে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন, চট্টগ্রাম মেট্রোপলিটন, গাজীপুর মেট্রোপলিটন, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলাতে সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ভূমিকা পালন করবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জননিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতেই এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।






































