সোমবার । জুন ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২২ জুন ২০২৬, ৪:০২ অপরাহ্ন
শেয়ার

সিলেটের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ


Sylhet - sada pathor

অবিরাম বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ভারতের পাহাড়ি ঢলের তোড়ে আকস্মিক বন্যার ঝুঁকিতে পড়েছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথর। পানির তীব্র স্রোত আর বিরূপ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এই পর্যটন কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।

গতকাল রোববার (২১ জুন) কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিন মিয়া পর্যটন কেন্দ্রটি সাময়িক বন্ধের এই বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভারতীয় পাহাড়ি ঢলের কারণে সাদাপাথর এলাকায় হঠাৎ এক দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঢলের পানির তীব্রতায় সাদা পাথর কোয়ারি এলাকার অন্তত ৫০টি অস্থায়ী দোকানপাট ভেসে গেছে এবং পুরো এলাকা পানির নিচে তলিয়ে গেছে। পানির এমন প্রবল স্রোতের কারণে সেখানে নৌকা চলাচল ও পর্যটকদের নামা চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়া জানান, পাহাড়ি ঢলে পর্যটন কেন্দ্রটি তলিয়ে যাওয়ায় এবং চারপাশের দোকানপাট পানিতে ডুবে এক বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দর্শনার্থীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতেই প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দ্রুত এই বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বর্তমান দুর্যোগপূর্ণ পরিস্থিতি কেটে না যাওয়া এবং আবহাওয়া পুরোপুরি স্থিতিশীল না হওয়া পর্যন্ত পর্যটকদের সাদাপাথর এলাকায় যাওয়া থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। উজান থেকে নেমে আসা পানির স্রোত কমে পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই পর্যটন কেন্দ্রটি আবার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

ভিজুয়াল স্টোরি