মঙ্গলবার । জুন ২৩, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ২৩ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শেয়ার

লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭০ বাংলাদেশি


libya-bangladeshi

ছবি: সংগৃহীত

লিবিয়ায় বিভিন্ন সময় আটকে পড়া ও ডিটেনশন সেন্টারে বন্দি আরও ১৭০ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন। ত্রিপলীর বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর যৌথ সহযোগিতায় বুধবার (২৪ জুন) ভোরে একটি বিশেষ ফ্লাইটে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

দূতাবাস সূত্রে জানা গেছে, বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে (ফ্লাইট নং UZ222) রওনা হয়ে বুধবার সকাল ৫টায় তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

প্রত্যাবাসনকৃতদের একটি বড় অংশই লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে বন্দি জীবন কাটাচ্ছিলেন। এর মধ্যে ৮৬ জন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার এবং ৩৫ জন বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। এছাড়া বাকি ৪৯ জন বাংলাদেশি ত্রিপলীর বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ ও বিপদসংকুল অবস্থায় ছিলেন, যারা পরবর্তীতে স্বেচ্ছায় দেশে ফেরার আবেদন জানান। ফেরত আসা অভিবাসীদের মধ্যে ৫ জন শারীরিকভাবে বেশ অসুস্থ বলে জানা গেছে।

দেশে ফেরার আগে ত্রিপলীতে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন প্রত্যাবাসনপ্রার্থীরা। এ সময় দূতাবাসের কাউন্সেলর (শ্রম) এবং প্রথম সচিব (শ্রম) উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত অনিয়মিত অভিবাসনের ভয়াবহ ঝুঁকি ও নেতিবাচক প্রভাব সম্পর্কে সবাইকে সচেতন করেন। তিনি ফিরে যাওয়া নাগরিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা দেশে ফিরে অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখুন। একই সঙ্গে যারা আপনাদের এই বিপদে ফেলেছে, সেই মানবপাচারকারী ও দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দিয়ে সহায়তা করুন।’

দূতাবাস জানিয়েছে, লিবিয়ায় আটকে থাকা এবং ডিটেনশন সেন্টারে বন্দি বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ চলছে। এরই ধারাবাহিকতায় বুধবার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আরও ১৭ canvas বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসনের প্রক্রিয়া চূড়ান্ত করার লক্ষ্যে জোর প্রচেষ্টা চালাচ্ছে ত্রিপলীর বাংলাদেশ দূতাবাস।