শনিবার । জুন ২০, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ২০ জুন ২০২৬, ৮:৫০ অপরাহ্ন
শেয়ার

লিবিয়া উপকূলে ১৫ অভিবাসীর মরদেহ উদ্ধার


libiya-boat-sank

ফাইল ছবি

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে লিবিয়ার পূর্ব উপকূলে ভয়াবহ এক ট্র্যাজেডির আশঙ্কা করা হচ্ছে। সেখানে অন্তত ১৫ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, একটি নৌকাডুবির ঘটনার পর এই মৃতদেহগুলো উপকূলে ভেসে আসে।

শনিবার (২০ জুন) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, গত এক সপ্তাহে লিবিয়ার তুবরুক শহরের বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় নৌবাহিনীর একটি সূত্র জানায়, ওই নৌকাটিতে প্রায় ৬১ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া ১০ জনের দেওয়া তথ্যের ভিত্তিতে এই সংখ্যাটি জানা গেছে।

স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, উপকূলের একাধিক পয়েন্ট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। দীর্ঘ সময় সাগরে থাকায় অনেক দেহই ইতোমধ্যেই পচে বিকৃত হয়ে গেছে। উদ্ধার অভিযান ও তল্লাশি অব্যাহত রয়েছে এবং আরও মরদেহ পাওয়া যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তুবরুক রেড ক্রিসেন্টের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে দেখা যায়, স্বেচ্ছাসেবীরা সাদা সুরক্ষামূলক পোশাক পরে সমুদ্রসৈকত থেকে মরদেহ উদ্ধার করে বডি ব্যাগে ভরছেন।

উল্লেখ্য, ২০১১ সালে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া ইউরোপগামী অভিবাসীদের জন্য অন্যতম প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে। নিজ দেশের যুদ্ধবিগ্রহ, চরম দারিদ্র্য কাটিয়ে উন্নত জীবনের আশায় এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের মানুষ দালালদের খপ্পরে পড়ে এই বিপজ্জনক সমুদ্রপথ বেছে নেন।

এদিকে, রাজধানী ত্রিপোলির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কর্মরত খুমাস শহরের ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টার জানিয়েছে, এই ঘটনার পর জীবিত উদ্ধার হওয়া আরও ১৩ জন অভিবাসীকে জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।