মঙ্গলবার । জুন ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৩ জুন ২০২৬, ৭:৪০ অপরাহ্ন
শেয়ার

জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করতে হবে: প্রধানমন্ত্রী


PM Davos

বদলে যাওয়া বিশ্ব বাস্তবতায় জলবায়ু নেতৃত্বের ভূমিকা’ শীর্ষক সেশনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন আরও সহজলভ্য করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জলবায়ু সংকটের বাস্তবতা মোকাবিলায় শুধু প্রতিশ্রুতি নয়, কার্যকর পদক্ষেপ ও অর্থায়নের নিশ্চয়তা প্রয়োজন।

মঙ্গলবার (২৩ জুন) চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনের ‘বদলে যাওয়া বিশ্ব বাস্তবতায় জলবায়ু নেতৃত্বের ভূমিকা’ শীর্ষক সেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে আন্তর্জাতিক অংশীদারিত্ব, প্রযুক্তি বিনিময়, অর্থায়ন এবং যৌথ অঙ্গীকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জলবায়ু ‘ক্ষয়ক্ষতি তহবিল’কে প্রতিশ্রুতির পর্যায় থেকে বাস্তবায়নের পর্যায়ে নিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে তিনি ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়নের প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করার আহ্বান জানান। পাশাপাশি ‘সবুজ জলবায়ু তহবিল’কে আরও সক্রিয় ও ফলপ্রসূভাবে কাজে লাগানোর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে প্রশমন কার্যক্রম যেমন জরুরি, তেমনি পরিবর্তিত বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে অভিযোজন ব্যবস্থাও সমান গুরুত্বপূর্ণ।

এর আগে সম্মেলনস্থলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলোইস জভিংগি। এ সময় তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

চীনের দালিয়ান শহরে ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলন। ‘বৃহৎ পরিসরে উদ্ভাবন’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এবারের সম্মেলনে বৈশ্বিক অর্থনীতি, শিল্প কাঠামোর পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা, উদীয়মান প্রযুক্তির ব্যবহার, জলবায়ু পরিবর্তন, তরুণদের কর্মসংস্থান এবং চীনের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে।

সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশের প্রায় ১ হাজার ৭০০ সরকারি প্রতিনিধি, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও প্রযুক্তি উদ্যোক্তা অংশগ্রহণ করছেন।