মঙ্গলবার । জুন ২৩, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ২২ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শেয়ার

আইসিসির মাসসেরা ক্রিকেটার মুশফিকুর রহিম


mushfiqur

মুশফিকুর রহিম। ফাইল ছবিmush

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আইসিসির মে মাসের সেরা ক্রিকেটারের (প্লেয়ার অব দ্য মান্থ) পুরস্কার জিতেছেন তিনি।

আজ সোমবার (২২ জুন) এক বিবৃতিতে মুশফিকের মাসসেরা হওয়ার এই খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এই মর্যাদাপূর্ণ পুরস্কার জেতার লড়াইয়ে মুশফিক পেছনে ফেলেছেন বাংলাদেশ দলের সতীর্থ স্পিনার তাইজুল ইসলাম ও নেপালের অলরাউন্ডার দীপেন্দ্র সিং ঐরিকে।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ব্যাট হাতে অসাধারণ ফর্মে ছিলেন মুশফিকুর রহিম। সিরিজে ষাটের বেশি গড়ে তিনি মোট ২৫৩ রান সংগ্রহ করেন। মিরপুরে প্রথম টেস্টের প্রথম ইনিংসে খেলেন ৭১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। এরপর সিলেটে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ওয়ানডে মেজাজে ১৩৭ রানের এক ঝলমলে শতক উপহার দেন তিনি। এই অনবদ্য পারফরম্যান্সের সুবাদে তিনি সিরিজসেরার পুরস্কারও নিজের করে নিয়েছিলেন।

মে মাসের সেরার দৌড়ে মুশফিকের শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন সতীর্থ তাইজুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন এই বাঁহাতি স্পিনার। ২ ম্যাচে মাত্র ১৯.৬১ গড়ে তিনি শিকার করেন ১৩টি উইকেট। এর মধ্যে সিলেটের দ্বিতীয় ইনিংসে ১২০ রান খরচায় একাই নেন ৬ উইকেট। শুধু বল হাতেই নয়, লোয়ার-অর্ডারে ব্যাট হাতেও সিরিজে গুরুত্বপূর্ণ ৫৮ রান অবদান রাখেন তিনি।

মুশফিকের এই অর্জনে টানা দুই মাস আইসিসির মাসসেরার স্বীকৃতি নিজেদের করে রাখল বাংলাদেশের ক্রিকেটাররা। এর আগে গত এপ্রিল মাসে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে এই পুরস্কার জিতেছিলেন তরুণ ফাস্ট বোলার নাহিদ রানা।

পাশাপাশি এই জয়ের মাধ্যমে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটার হওয়ার গৌরব অর্জন করলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে একাধিকবার এই পুরস্কার জেতার কীর্তি মুশফিক ছাড়া আছে কেবল অলরাউন্ডার সাকিব আল হাসানের।