
ফাইল ছবি
দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় ৫ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলাগুলো হলো—কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার।
সোমবার (২২ জুন) রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আজ সোমবার সন্ধ্যা থেকে আগামী ৩০ জুন পর্যন্ত বিজিবি সদস্যরা মাঠে থেকে দায়িত্ব পালন করবেন।
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, এই ৫ জেলা ছাড়াও দেশের অন্য যেকোনো জেলায় প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিকভাবে মোতায়েনের লক্ষ্যে পর্যাপ্ত বিজিবি সদস্য ‘স্ট্যান্ডবাই’ বা প্রস্তুত রাখা হয়েছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।





































