
অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
মোনামি ঢাবির লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক। এর আগে গতকাল রোববার (১০ মে) পদত্যাগ করেন ঢাবির প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। তার পদত্যাগের পরপরই সহকারী প্রক্টর মোনামি তার পদত্যাগপত্র জমা দেন বলে জানা গেছে।
পোস্টে অধ্যাপক মোনামি জানান, শিক্ষকতা জীবনের সাত বছরে কখনও প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা ছিল না। তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদের আহ্বানে সহকারী প্রক্টরের দায়িত্ব নিতে সম্মত হন। তিনি জানান, একজন তরুণ শিক্ষক হিসেবে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া তার জন্য ছিল অত্যন্ত সম্মানের।
তিনি লিখেন, গত দুটি বছর আমি সাইফুদ্দীন স্যারের কাছে থেকে শিখেছি কীভাবে একজন প্রক্টরকে অতিমানব মাত্রার ধৈর্য ধরতে হয়, উত্তপ্ত পরিস্থিতি কীভাবে হাসিমুখে নির্বিকার থেকে ট্যাকেল দিতে হয়। সর্বোপরী কীভাবে নিজের আত্মসম্মান সমুন্নত রাখতে হয়।
‘ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা ও মমতায় তিনি শিক্ষার্থীদের আগলে রেখেছিলেন, তার টিম মেম্বার হিসেবে আমরাও তাই করার চেষ্টা করেছি, করছি।’ লেখেন তিনি।
তিনি আরও লেখেন, ‘জুলাই এবং জুলাই পরবর্তী সময় আদৌ এই দেশে আর আসবে কিনা আমি জানি না। সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কোনও প্রক্টর ও তার টিম এমন সিচুয়েশন ফেস করেননি, করবেনও নাহ।’








































