
স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে দেশের সব নাগরিককে মায়েদের প্রতি যথাযথ সম্মান ও দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন মা, যিনি সন্তানদের গড়ে তুলতে আজীবন আপসহীন ও সংগ্রামী ভূমিকা পালন করেন।
রোববার দেওয়া এক বাণীতে তিনি বাংলাদেশসহ বিশ্বের সব মায়ের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, “মা” ছোট একটি শব্দ হলেও এর ব্যাপ্তি অসীম। সন্তানের জীবনে মায়ের অবদান অনন্য, তাই প্রতিদিনই মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের দিন।
মির্জা ফখরুল আরও বলেন, একজন মায়ের শিক্ষাতেই শিশুর ভবিষ্যৎ গড়ে ওঠে। মায়ের স্নেহ, ত্যাগ ও প্রেরণাই সন্তানের মানবিক বিকাশ ও সাফল্যের ভিত্তি তৈরি করে।
বাণীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূয়সী প্রশংসাও করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, নারী সমাজের উন্নয়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। এজন্য তিনি জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে “গণতন্ত্রের মা” হিসেবে সম্মানিত বলে উল্লেখ করেন।
সবশেষে মা দিবসে সবাইকে মায়েদের মর্যাদা ও অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান মির্জা ফখরুল।








































