শনিবার । মে ৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৯ মে ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শেয়ার

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার প্রটোকল নিয়ে নতুন নির্দেশনা


Montri porishodh bivag

রাষ্ট্রপতির বিদেশ সফর ও দেশে ফেরার সময় অনুসরণীয় রাষ্ট্রাচার বা প্রটোকলে পরিবর্তন এনে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও স্বদেশ প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে উপস্থিত কর্মকর্তাদের তালিকা ছোট করা হয়েছে।

গত ৪ মে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো মন্ত্রিপরিষদ বিভাগের এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, রাষ্ট্রপতির বিদেশ যাওয়া ও দেশে ফেরার সময় বিমানবন্দরে সর্বোচ্চ ৭ জন উচ্চপদস্থ ব্যক্তি উপস্থিত থাকবেন। তারা হলেন— মন্ত্রিসভার একজন সদস্য, ডিপ্লোমেটিক কোরের প্রধান, স্বাগতিক দেশের মিশন প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব ও রাষ্ট্রপতির সামরিক সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান।

এর আগে ২০১৭ সালের ১৬ মে জারি করা নির্দেশনা অনুযায়ী, রাষ্ট্রপতির সফরকালীন বিমানবন্দরে মোট ১৩ জন কর্মকর্তার উপস্থিতি বাধ্যতামূলক ছিল। নতুন সিদ্ধান্তে সেই সংখ্যা প্রায় অর্ধেকে নামিয়ে আনা হয়েছে।

সরকারি সূত্র বলছে, রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা আরও সংক্ষিপ্ত ও কার্যকর করতেই এই পরিবর্তন আনা হয়েছে।