শনিবার । মে ৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৯ মে ২০২৬, ৮:০৩ অপরাহ্ন
শেয়ার

চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫


ctg-accident

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী ‘মারসা পরিবহন’-এর দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। এই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন। শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হোটেল ফোর সিজনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী একটি মারসা বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একই কোম্পানির আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতই বেশি ছিল যে, কক্সবাজারগামী বাসটি সড়কের পাশে থাকা একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে বাস দুটির সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার অভিযানে নেমে ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেন। পরে লোহাগাড়া ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে রেহেনা বেগম (৬০) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি পটিয়া উপজেলার পাথরিয়া ইউনিয়নে। নিহত বাকি তিনজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভয়াবহ এই দুর্ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুপাশে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ও লোহাগাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দীন চৌধুরী জানান, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।