শনিবার । মে ৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৯ মে ২০২৬, ৫:০১ অপরাহ্ন
শেয়ার

চ্যাম্পিয়ন হওয়ায় ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ


women football team

সাফ নারী ফুটসালে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার দুর্দান্ত সাফল্যের প্রতিফলন ঘটেছে বিশ্বমঞ্চেও। ফিফার সবশেষ প্রকাশিত নারী ফুটসাল র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। সাবিনা খাতুনদের বর্তমান অবস্থান এখন ৪২তম, যা আগের র‌্যাঙ্কিংয়ে ছিল ৪৪।

শুক্রবার (৮ মে) ফিফা নারী ও পুরুষ উভয় বিভাগের ফুটসাল র‌্যাঙ্কিং প্রকাশ করে। প্রকাশিত এই তালিকায় দেখা যায়, নারী ও পুরুষ—দুই বিভাগেই বিশ্বসেরার মুকুট ধরে রেখেছে ব্রাজিল। বর্তমানে ফিফা নারী ফুটসালে ৯৬টি দেশ এবং পুরুষ ফুটসালে ১৪৩টি দেশ র‌্যাঙ্কিংয়ের অন্তর্ভুক্ত রয়েছে।

বাংলাদেশ নারী ফুটসাল দলের র‌্যাঙ্কিং আগে থেকেই কার্যকর ছিল, কারণ তারা ২০১৭ সালেই এশিয়া কাপ ফুটসালে অংশ নিয়েছিল। অন্যদিকে, পুরুষ দল এই অঙ্গনে অনেকটা নতুন। গত বছর এশিয়ান কাপ বাছাইপর্বে অংশগ্রহণের মাধ্যমে প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটসালে পা রাখে তারা।

পরবর্তীতে সাফ টুর্নামেন্টেও অংশগ্রহণ করে বাংলাদেশ পুরুষ ফুটসাল দল। পর পর দুটি আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার পর বাংলাদেশ পুরুষ দল এখন র‌্যাঙ্কিংয়ে প্রবেশ করেছে। বর্তমানে পুরুষ ফুটসালে বাংলাদেশের অবস্থান ১৩৯তম।

সাফের শিরোপা জয় এবং বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এই উন্নতি দেশের নারী ফুটসালের জন্য এক বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেলে দুই বিভাগেই বাংলাদেশ আরও এগিয়ে যাবে।