
বিজয় থালাপতি ও রাহুল গান্ধী
তামিলনাড়ুতে সরকার গঠনের দৌড়ে অভিনেতা-রাজনীতিক বিজয়ের দল টিভিকে’র জন্য সমর্থন জোগাড়ে মাঠে নেমেছে কংগ্রেস পার্টি। দলটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং শীর্ষ নেতা রাহুল গান্ধী বামপন্থী দল সিপিআই, সিপিআই(এম) এবং ভিসিকে-কে রাজি করানোর চেষ্টা করেছেন এবং সফলও হয়েছেন।
তামিলনাড়ুর নির্বাচনে বিজয়ের দল টিভিকে ১০৮টি আসন পেয়েছে। অন্যদিকে কংগ্রেসের রয়েছে ৫টি আসন। সিপিআই, সিপিআই(এম) এবং ভিসিকে—প্রতিটি দলেরই রয়েছে ২ জন করে বিধায়ক। ফলে এই দলগুলোর সমর্থন পেলে টিভিকে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছে যাবে।
সূত্রের খবর, সিপিআই এবং সিপিআই(এম) কোনওভাবেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক, তা চায় না। একইসঙ্গে ভিসিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, ‘তামিলনাড়ুর রাজনীতিতে বাইরের হস্তক্ষেপ’ তারা মেনে নেবে না।
এদিকে দলগুলো আরও আশঙ্কা করছে যে, রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে ডিএমকে এবং এআইএডিএমকে জোট গড়তে পারে। এক সিপিআই নেতা বলেন, ‘মানুষ ইতিমধ্যেই ডিএমকে ও এআইএডিএমকে-কে প্রত্যাখ্যান করেছে। তাহলে জনগণের ভোটে নির্বাচিত নয়, এমন কোনও সরকার কেন গঠিত হবে?’
ভিসিকে সূত্রে জানা গেছে, সিপিআই এবং সিপিআই(এম) যে সিদ্ধান্ত নেবে, তার ওপরই তারা চূড়ান্ত অবস্থান নির্ধারণ করবে। শুক্রবার সকালে দুই বাম দলই এ বিষয়ে রাজ্যস্তরের বৈঠক করেছে। ভিসিকেও বৈঠকে বসার কথা রয়েছে।
অন্যদিকে শুক্রবার সকালে টিভিকে বিধায়করাও বৈঠকে বসেন। দলের এক সূত্র জানায়, ‘আমরা সরকার গঠনের বিষয়ে আত্মবিশ্বাসী। যেসব দলের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, তারা আমাদের পাশে থাকবে বলেই আশা করছি।’
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল






































