
ভয়াবহ আগুনে পুড়ছে ফোমের মিল। ছবি: সংগৃহীত
রাজধানীর কদমতলীতে একটি ফোম কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় কদমতলীর সাদ্দাম মার্কেটের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা ২৪ মিনিটের দিকে কদমতলীর সাদ্দাম মার্কেটের একটি ফোমের মিলে আগুনের খবর পাওয়া যায়। এর ঠিক ২০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। বর্তমানে আশপাশের স্টেশন থেকে মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রথমে কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের শিখা ছড়িয়ে পড়লে আশপাশের ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক শুরু হয়। অনেকে দ্রুত দোকান বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ফোম কারখানায় আগুন লাগার কারণে ধোঁয়ার তীব্রতা ছিল অনেক বেশি। এতে উদ্ধারকর্মীদের কাজ করতেও বেগ পেতে হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ঘন কালো ধোঁয়ায় পুরো সাদ্দাম মার্কেট এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে এবং উৎসুক মানুষ দূর থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা দেখতে জড়ো হন।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে কিছুই জানা যায়নি। এছাড়া এ ঘটনায় প্রাথমিকভাবে কারও হতাহত হওয়া কিংবা ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।










































