শুক্রবার । মে ৮, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ৮ মে ২০২৬, ৮:২১ পূর্বাহ্ন
শেয়ার

মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট শুরু আজ


bangladesh-pakistan-series

সিরিজের ট্রফিসহ ‍দুই অধিনায়ক

দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও সাদা পোশাকের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আজ শুক্রবার (৮ মে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। সকাল ১০টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি ঘিরে দুই শিবিরেই কাজ করছে বাড়তি উত্তেজনা। বিশেষ করে পাকিস্তানের মাটিতে তাদের হারিয়ে ইতিহাস গড়ার পর ঘরের মাঠে টাইগারদের পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেটপ্রেমীরা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথম ইনিংসের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। পরিসংখ্যান বলছে, শেষ ১০ টেস্টের মধ্যে বাংলাদেশ চারবার প্রথম ইনিংসে ৪০০ বা তার বেশি রান করেছে এবং সেগুলোতে ইতিবাচক ফল পেয়েছে। শান্তর স্পষ্ট বার্তা, “আমরা ৮০ ওভারে ৪০০ করি বা ১২০ ওভারে—রানটাই আসল। প্রথম ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করাতে পারলে ম্যাচে নিয়ন্ত্রণ নেওয়া সহজ হবে।”

মিরপুরের উইকেটে সাধারণত স্পিনাররা সুবিধা পেলেও এবার কিছুটা ঘাস থাকার সম্ভাবনা রয়েছে। ফলে বাংলাদেশ তিন পেসার নিয়ে মাঠে নামতে পারে। দীর্ঘ বিরতির পর টেস্ট দলে ফিরেছেন তাসকিন আহমেদ। অন্যদিকে পাকিস্তানের শক্তিশালি পেস ইউনিটে থাকছেন শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ আব্বাসের মতো অভিজ্ঞ বোলাররা। তবে বাংলাদেশ এখন আর কেবল স্পিননির্ভর দল নয়, তাসকিন-ইবাদত-নাহিদরা যেকোনো ব্যাটিং লাইনআপকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত।

দীর্ঘদিন টেস্ট ফরম্যাটের বাইরে থাকা নিয়ে শান্ত জানান, মুমিনুল হক, তাইজুল ইসলাম বা মাহমুদুল হাসান জয়ের মতো নিয়মিত টেস্ট ক্রিকেটারদের জন্য মানিয়ে নেওয়াটা কঠিন। তবে তাদের পেশাদারিত্বের ওপর পূর্ণ আস্থা আছে অধিনায়কের। ব্যাটিংয়ে বাংলাদেশ দলে নতুন মুখ হিসেবে তানজিদ হাসান তামিমের অন্তর্ভুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, যার আক্রমণাত্মক ব্যাটিং দলের জন্য বাড়তি সুবিধা দিতে পারে।

তবে সিরিজের শুরুতেই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে আবহাওয়া। পাঁচ দিনের এই টেস্টে অন্তত দুই দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে উইকেটের আচরণ পরিবর্তন হতে পারে, যা দুই দলের অধিনায়ককেই সেশনভিত্তিক পরিকল্পনা সাজাতে বাধ্য করবে।

হোয়াইটওয়াশ বা সিরিজ জয়ের চেয়ে নাজমুল হোসেন শান্তর লক্ষ্য এখন প্রসেস ঠিক রেখে ৫ দিন ভালো ক্রিকেট খেলা। অন্যদিকে, পাকিস্তানও মুখিয়ে আছে মিরপুরের এই লড়াইয়ে ঘুরে দাঁড়াতে।