
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীকে আনুষ্ঠানিক কার্যক্রমের ক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রিসভার (ক্যাবিনেট) মন্ত্রীর সমমর্যাদা দিয়েছে ভারত সরকার।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক সেকশন থেকে ২৪ জুন জারি করা এক সরকারি স্মারকে এ তথ্য জানানো হয়। স্মারকটিতে উপসচিব কমলেশ রবিদাস স্বাক্ষর করেন।
স্মারকে বলা হয়েছে, ‘টেবিল অব প্রিসিডেন্স’ (টিওপি) আনুষ্ঠানিকভাবে সংশোধন না করেই ব্যক্তিগত বিবেচনায় দিনেশ ত্রিবেদীকে এই সমমর্যাদা দেওয়া হয়েছে। তবে এ মর্যাদা কেবল আনুষ্ঠানিক ও প্রটোকলসংক্রান্ত কার্যক্রমের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
এ সংক্রান্ত নির্দেশনা ভারতের কেন্দ্রীয় সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগ, বিভিন্ন রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর প্রশাসন, প্রধানমন্ত্রীর কার্যালয়, রাষ্ট্রপতির সচিবালয়সহ সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা দিনেশ ত্রিবেদী পশ্চিমবঙ্গ রাজ্য থেকে ভারতের লোকসভা এবং রাজ্যসভার সদস্য এবং ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন।
গত ২৭ এপ্রিল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে তাকে নিয়োগের ঘোষণা দেয় ভারত সরকার। এরপর গত ১২ জুন তিনি ঢাকায় এসে দায়িত্ব গ্রহণ করেন। তিনি প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন।
কূটনৈতিক মহলের পর্যবেক্ষণে, বাংলাদেশ-ভারত সম্পর্কের গুরুত্বপূর্ণ সময়ে একজন জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্বকে ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠানো এবং তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যের সমমর্যাদা দেওয়া নয়াদিল্লির বিশেষ গুরুত্বের ইঙ্গিত বহন করে।





































