বুধবার । জুন ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৪ জুন ২০২৬, ৯:২৯ অপরাহ্ন
শেয়ার

দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট বাংলাদেশ


Pororastro montronaloy

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ঘিরে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বাংলাদেশ। ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ ও ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, কূটনৈতিক মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে আগেই অবহিত করা হয়েছিল যে ডা. জাহেদ উর রহমান ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর জোটের (আইওআরএ) বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এ বিষয়ে পূর্ব অবহিত করার পরও দিল্লি বিমানবন্দরে তাকে যাত্রা অব্যাহত রাখতে বাধা দেওয়া হয়, যা বাংলাদেশ সরকারের দৃষ্টিতে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত।

তিনি বলেন, এ ঘটনায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তা সন্তোষজনক নয়। বিষয়টি নিয়ে বাংলাদেশের অবস্থান সংশ্লিষ্ট কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে জানানো হয়েছে।

এদিকে, বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের মন্তব্য প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, প্রতিটি রাষ্ট্রেরই নিজ নিজ দেশের সব নাগরিকের, বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার সমান দায়িত্ব রয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশ সরকার সংখ্যালঘু সম্প্রদায়সহ দেশের সকল নাগরিকের অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।