বুধবার । জুন ২৪, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৪ জুন ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন
শেয়ার

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের


Bill-Gates

বিল গেটস

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস মার্কিন কংগ্রেসে দেওয়া এক রুদ্ধদ্বার সাক্ষ্যে তিন নারীর সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক থাকার কথা স্বীকার করেছেন। জেফরি এপস্টেইনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে তদন্তের অংশ হিসেবে মার্কিন প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটির কাছে গত ১০ জুন দেওয়া এই জবানবন্দির অনুলিপি মঙ্গলবার প্রকাশ করা হয়।

সাক্ষ্যে বিল গেটস প্রথমে দুই রুশ নারী—ব্রিজ খেলোয়াড় মিলা আন্তোনোভা ও পারমাণবিক পদার্থবিদ কারিমা নিগমাতুলিনার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেন। পরে দীর্ঘ জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি আরও এক নারী বিজ্ঞানীর সঙ্গে সম্পর্ক থাকার বিষয়টিও মেনে নেন।

গেটস দাবি করেন, এপস্টেইনের কোনো নিপীড়নের ঘটনা তিনি কখনো প্রত্যক্ষ করেননি। তবে এপস্টেইনের প্রতিষ্ঠানে কর্মরত কিছু নারী ও কিশোরী পরবর্তীতে নির্যাতনের শিকার হিসেবে চিহ্নিত হওয়ায় অজান্তে তাঁদের সংস্পর্শে এসে থাকতে পারেন বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে এপস্টেইনের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলাকে ‘ভুল’ বলেও আখ্যা দেন।

জবানবন্দিতে গেটস ইঙ্গিত দেন, তাঁর ব্যক্তিগত সম্পর্কের তথ্য জানার পর এপস্টেইন তাঁকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছিলেন। তবে তিনি জোর দিয়ে বলেন, এপস্টেইন এ প্রচেষ্টায় সফল হননি। এ ছাড়া চিকিৎসা-উদ্যোক্তা অ্যালিস জ্যাকবস নেসেলরোদতের সঙ্গে সম্পর্কের বিষয়েও এপস্টেইন অবগত ছিলেন জেনে বিস্ময় প্রকাশ করেন গেটস।

এদিকে, এপস্টেইন-সংক্রান্ত নথি প্রকাশের পর গেটসের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কিছু নথিতে তাঁর বিরুদ্ধে যৌনবাহিত রোগে আক্রান্ত হওয়ার অভিযোগ তোলা হলেও গেটস এসব দাবি অস্বীকার করেছেন। তবে তিনি স্বীকার করেন, কোনো এক বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে সংক্রমণের আশঙ্কা করেছিলেন। তাঁর দাবি, এপস্টেইনের চিঠিতে উত্থাপিত অভিযোগগুলো সত্য নয় এবং তিনি কখনো কোনো যৌনবাহিত রোগে আক্রান্ত হননি।

সূত্র: দ্য টেলিগ্রাফ