বুধবার । জুন ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৪ জুন ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন
শেয়ার

সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, রেস্টুরেন্টসহ ১৬ খাত: অর্থমন্ত্রী


Amir-Khasru

সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংগৃহীত ছবি

সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, প্রস্তাবিত বাজেট অনুমোদিত হলে আগামী অর্থবছর থেকে মুদি দোকান, বিউটি পার্লার, রেস্টুরেন্টসহ ১৬ ধরনের ব্যবসা ভ্যাটের সুনির্দিষ্ট কর ব্যবস্থার আওতায় আসবে।

বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ২০২৪-২৫ অর্থবছরে ভ্যাট খাত থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা। রাজস্ব আহরণ বাড়াতে আগামী অর্থবছরে আরও কয়েকটি নতুন ব্যবসায়িক খাতকে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ভ্যাটের সুনির্দিষ্ট করের আওতায় আনার জন্য প্রস্তাবিত খাতগুলোর মধ্যে রয়েছে মুদি ও কাপড়ের দোকান, কনফেকশনারি, কসমেটিকস ও গৃহস্থালী পণ্যের দোকান, হার্ডওয়্যার ও ইলেকট্রনিকস পণ্যের বিক্রেতা, ডেকোরেটরস, পেইন্ট ও স্যানিটারি সামগ্রীর ব্যবসা, টাইলস, ঢেউটিন, রড-সিমেন্ট ও ফার্নিচারের দোকান। এছাড়া বিউটি পার্লার, মিষ্টান্ন ভান্ডার এবং রেস্টুরেন্টকেও এই ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।