
চীনের দালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে বেইজিংয়ে পৌঁছান প্রধানমন্ত্রী
চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি চীনের রাজধানীতে পৌঁছান।
এর আগে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের নিয়ে বেলা দুইটার দিকে চীনের দালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশে রওয়ানা হন প্রধানমন্ত্রী।
এর আগে সকালে দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন।

‘১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’ শীর্ষক এ আয়োজনে গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচও উপস্থিত ছিলেন।
সম্মেলনে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের ১ হাজার ৭০০-এর বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন। এতে বৈশ্বিক অর্থনীতি, বিনিয়োগ, উদ্ভাবন ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, ‘গ্রীষ্মকালীন দাভোসে’ প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও সেরা অনুশীলন থেকে শিক্ষা গ্রহণের সুযোগও তৈরি হবে।
উল্লেখ্য, গত সোমবার (২২ জুন) চীনের দালিয়ান শহরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।







































