বৃহস্পতিবার । জুন ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৫ জুন ২০২৬, ৮:১০ অপরাহ্ন
শেয়ার

বিদ্যুতের প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ


Prepaid-meter

সংগৃহীত ছবি

বিদ্যুতের নতুন মূল্যহার কার্যকর হওয়ায় প্রিপেইড মিটারের গ্রাহকদের দ্রুত মিটার আপডেট করার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ জন্য ২০০ বা তার বেশি ডিজিটের টোকেন ব্যবহার করে মিটার হালনাগাদ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, নতুন ট্যারিফ সঠিকভাবে কার্যকর করতে প্রিপেইড মিটারের সফটওয়্যার আপডেট করা প্রয়োজন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রাহকরা সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করে সহজেই মিটার আপডেট করতে পারবেন। এ বিষয়ে কোনো জটিলতা বা সহায়তার প্রয়োজন হলে সংশ্লিষ্ট সংস্থার হটলাইনে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা নম্বর ১৬৯৯৯ ছাড়াও বিভিন্ন বিতরণ সংস্থার কল সেন্টার থেকে সহায়তা পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে বিপিডিবি (১৬২০০), পল্লী বিদ্যুতায়ন বোর্ড (১৬৮৯৯), ডিপিডিসি (১৬১১৬), ডেসকো (১৬১২০), নেসকো (১৬৬০৩) এবং ওজোপাডিকো (১৬১১৭)।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, নতুন মূল্যহার সঠিকভাবে বাস্তবায়ন এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে গ্রাহকদের দ্রুত মিটার আপডেট সম্পন্ন করা প্রয়োজন।