
ছবি-সংগৃহীত
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। আজ শুক্রবার (৮ মে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ফলে শুরুতেই ব্যাটিংয়ে নামতে হচ্ছে স্বাগতিক বাংলাদেশকে।
অধিনায়ক নাজমুল হোসেন শান্তর লক্ষ্য অনুযায়ী প্রথম ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করাতে ব্যাটিং অর্ডারে শক্তি বাড়িয়েছে বাংলাদেশ। একাদশে অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মুমিনুল হকের পাশাপাশি তরুণ তুর্কি মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামের ওপর ওপেনিংয়ের দায়িত্ব থাকছে।
বোলিং বিভাগে বড় চমক হলো তিন গতি তারকা—তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং ইনজুরি কাটিয়ে ফেরা ইবাদত হোসেনের অন্তর্ভুক্তি। স্পিন বিভাগে যথারীতি অভিজ্ঞ তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ থাকছেন।
অন্যদিকে, সফরকারী পাকিস্তান দল শক্তিশালী বোলিং আক্রমণ নিয়ে মাঠে নামছে। শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলীর অভিজ্ঞতার সাথে মোহাম্মদ আব্বাসের পেস বোলিং মিরপুরের উইকেটে বাংলাদেশের ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। ব্যাটিংয়ে বাবর আজমের বদলে ওপেনিং ও মিডল অর্ডারে আজান আওয়াইস এবং আব্দুল্লাহ ফজলদের মতো তরুণদের সুযোগ দিয়েছে পিসিবি
দুই বছর আগে রাওয়ালপিন্ডিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের সুখস্মৃতি নিয়ে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে কিছুক্ষণের মধ্যেই মাঠে নামছে বাংলাদেশ। এবারের লক্ষ্যটাও ঠিক আগের মতোই। দুটি টেস্টই জিততে চায় নাজমুল হোসেন শান্তর দল।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও ইবাদত হোসেন।
পাকিস্তান একাদশ: আজান আওয়াইস, ইমাম–উল–হক, আব্দুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, শাহিন আফ্রিদি, নোমান আলী, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।









































