
ফাইল ছবি
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৪৭ হাজার ৮৫২ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বৃহস্পতিবার (৭ মে) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদিতে পৌঁছানো মোট হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৪৩ হাজার ৭৮১ জন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৬টি ফ্লাইটে ২২ হাজার ৪৫৮ জন, সৌদি এয়ারলাইনসের ৪৫টি ফ্লাইটে ১৬ হাজার ৯০০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৪৯৪ জন যাত্রী পরিবহন করা হয়েছে।
সৌদি আরবে অবস্থানকালে এখন পর্যন্ত ১০ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে বুলেটিনে জানানো হয়েছে। মৃতদের মধ্যে ৮ জন মক্কায় এবং ২ জন মদিনায় প্রাণ হারান। তাদের মধ্যে দুইজন নারী হজযাত্রী রয়েছেন।
চলতি বছর মোট ৭৮ হাজার ৫০০ জন বাংলাদেশি হজ পালন করবেন। বর্তমানে ৬৬০টি এজেন্সির মাধ্যমে হজের এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত ১৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের উদ্বোধন করার পর প্রথম ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে এবং ৩০ জুনের মধ্যে সব হজযাত্রীর দেশে ফেরার কথা রয়েছে।







































