শনিবার । মে ২, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ২ মে ২০২৬, ৬:৫৩ পূর্বাহ্ন
শেয়ার

কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি


kuwait

ফাইল ছবি

কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি অতি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুয়েত থেকে সৌদি আরব হয়ে বিভিন্ন গন্তব্যে ভ্রমণের জন্য আগে চালু থাকা বিশেষ ‘এন্ট্রি পারমিট’ বা ট্রানজিট সুবিধা শুক্রবার (১ মে) থেকে আর কার্যকর থাকছে না।

মূলত কুয়েত সরকার তাদের আকাশপথ পুনরায় উন্মুক্ত করে দেওয়ায় এবং সরাসরি ফ্লাইট পরিষেবা স্বাভাবিক হওয়ায় এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ দূতাবাস কুয়েতের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েত সরকার সম্প্রতি আকাশপথের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় আন্তর্জাতিক ও স্থানীয় এয়ারলাইনসগুলো কুয়েত থেকে সরাসরি বিভিন্ন গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করেছে। সরাসরি যাতায়াতের অবাধ সুযোগ সৃষ্টি হওয়ায় এখন আর বিকল্প পথের প্রয়োজন নেই। সে কারণেই ১ মে থেকে বাংলাদেশ দূতাবাস কর্তৃক ‘সৌদি এন্ট্রি পারমিট’ দেওয়ার যাবতীয় দাপ্তরিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। এখন থেকে প্রবাসীদের সরাসরি ফ্লাইটের টিকিট সংগ্রহ করে ভ্রমণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাসের এই নতুন সিদ্ধান্তে আগে থেকে পারমিট নেওয়া যাত্রীদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যাঁরা ইতিমধ্যে আবেদন করে এই বিশেষ এন্ট্রি পারমিট হাতে পেয়ে গেছেন, তাঁদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তাঁরা চাইলে টিকিটে উল্লিখিত নির্ধারিত তারিখেই ওই বৈধ পারমিট ব্যবহার করে সৌদি আরব হয়ে ভ্রমণ করতে পারবেন।