শুক্রবার । মে ১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১ মে ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ন
শেয়ার

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস


Storm

ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ দেশের ১৭ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দুপুর ১টার মধ্যে এসব অঞ্চলের ওপর দিয়ে দমকা হাওয়া ও কালবৈশাখী বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১ মে) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঝোড়ো হাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। নদী অববাহিকায় বসবাসরত এবং নৌপথে চলাচলরতদের বিশেষ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, আবহাওয়া অফিসের পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন বিভাগে বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর সঙ্গে বজ্রপাত ও কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। ইতোমধ্যে রাজধানীসহ দেশের অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে।