
ছবি: ভিডিও থেকে সংগৃহীত
রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ডিগ্রি পরীক্ষা চলাকালীন এক নারী শিক্ষককে প্রকাশ্যে জুতা দিয়ে পিটিয়ে আহত করেছেন স্থানীয় এক বিএনপি নেতা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে কলেজের অধ্যক্ষের কক্ষে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই হামলার ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে। অভিযোগ উঠেছে, জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীর নেতৃত্বে একদল নেতাকর্মী কলেজে ঢুকে তাণ্ডব চালান। এতে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও প্রভাষক আলেয়া খাতুন হীরাসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা গেছে, ঘটনার সময় কলেজে ২০২৪ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল এবং কেন্দ্রের নিরাপত্তা বজায় রাখতে ১০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি ছিল। দুপুরে বিএনপি নেতাকর্মীরা অধ্যক্ষের কক্ষে ঢুকে বিভিন্ন বিষয় নিয়ে বাগ্বিতণ্ডায় জড়ান এবং একপর্যায়ে অফিসকক্ষে ভাঙচুর শুরু করেন।

ভিডিওতে দেখা যায়, আলোচনার একপর্যায়ে আকবর আলী প্রকাশ্যে জুতা খুলে প্রভাষক আলেয়া খাতুন হীরাকে আঘাত করছেন। অধ্যক্ষসহ অন্য শিক্ষকেরা তাকে বাঁচাতে গেলে তারাও হামলার শিকার হন।
হামলায় আহতদের মধ্যে রয়েছেন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলমসহ আরও দুই কর্মচারী। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক অভিযোগ করেছেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই স্থানীয় বিভিন্ন গ্রুপ তার কাছে চাঁদা দাবি করে আসছিল, যা দিতে রাজি না হওয়ায় এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, লাঞ্ছিত শিক্ষিকা আলেয়া খাতুন হীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, অধ্যক্ষের পাশে দাঁড়ানোই তার অপরাধ ছিল এবং একজন শিক্ষক হিসেবে প্রকাশ্যে জুতাপেটা করা তার জন্য চরম অপমানজনক।
তবে অভিযুক্ত বিএনপি নেতা আকবর আলী পাল্টা অভিযোগ করে দাবি করেছেন, কলেজের আগের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির হিসাব চাইতে গেলে উল্টো তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তার অভিযোগ, শিক্ষক আলেয়া খাতুন হীরা প্রথমে আমাদের ওপর হামলা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










































