বৃহস্পতিবার । এপ্রিল ৩০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৩০ এপ্রিল ২০২৬, ৪:০১ অপরাহ্ন
শেয়ার

ঢাকার প্রথম নারী এসপি শামীমা পারভীন 


shamima

শামীমা পারভীন শিল্পি

ঢাকা জেলার পুলিশ সুপার পদে বড় ধরনের রদবদল এনেছে সরকার। জেলার নতুন এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন শামীমা পারভীন শিল্পি। এর মাধ্যমে ঢাকা জেলা পুলিশ এই প্রথম কোনো নারী নেতৃত্ব পেল। এর আগে  তিনি পুলিশ অধিদপ্তরে কর্মরত ছিলেন।

একই প্রজ্ঞাপনে বর্তমান পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

নড়াইল জেলার বাসিন্দা শামীমা পারভীন ২৫তম বিসিএসের মাধ্যমে ২০০৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও দেশের মুখ উজ্জ্বল করেছেন। তিনি আন্তর্জাতিক নারী পুলিশ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ও দক্ষিণ এশিয়ার কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২২টি দেশের নারী পুলিশ সদস্যদের সমন্বয়কের ভূমিকা পালন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের ১ নম্বর যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শামীমা পারভীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। ছাত্রজীবনে তিনি বিশ্ববিদ্যালয় শাখা ও কেন্দ্রীয় ছাত্রদলের গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন। বর্তমানে তিনি জাবি বিসিএস অফিসার্স ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও যুক্ত রয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের সহধর্মিণী।

পেশাদারিত্ব এবং আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তার হাত ধরে ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।