বৃহস্পতিবার । জুন ২৫, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ২৫ জুন ২০২৬, ৯:১০ অপরাহ্ন
শেয়ার

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারতকে ১৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ


bangladesh-india-women

ছবি: সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১ এ নিজেদের চতুর্থ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে জয়ের জন্য ১৩৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ম্যানচেস্টারে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করেছে টাইগ্রেসরা। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস খেলেন জুয়াইরিয়া ফেরদৌস।

বৃহস্পতিবার (২৫ জুন) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুতেই ধাক্কা খায় টাইগ্রেসরা; দ্বিতীয় ওভারের শেষ বলে দলীয় মাত্র ৪ রানে সাজঘরে ফেরেন ওপেনার দিলারা আক্তার।

প্রাথমিক ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ৪২ বলে ৫১ রানের চমৎকার জুটি গড়েন জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি। উইকেটে থিতু হয়েও অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি কেউই। দলীয় ৭৯ রানের মধ্যে দুজনেই বিদায় নেন। আউট হওয়ার আগে ৫টি বাউন্ডারিতে ৩৩ রান করেন জুয়াইরিয়া এবং ২টি চারে ২২ রান আসে সোবহানার ব্যাট থেকে।

চতুর্থ উইকেটে শারমিন আক্তারকে সাথে নিয়ে ২১ বলে ২৭ রানের জুটি গড়ে দলের রান একশ পার করান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৪টি চারের সাহায্যে ২৭ বলে ৩২ রানের দায়িত্বশীল ইনিংস খেলে দলীয় ১০৬ রানে বিদায় নেন টাইগ্রেস দলনেতা।

নিগার সুলতানা ফেরার পর শারমিন আক্তার ১০ রানে ব্যক্তিগত কারণে আহত অবসর (রিটায়ার্ড হার্ট) নেন এবং ঋতু মণি আউট হন ৮ রান করে। শেষ দিকে স্বর্ণা আক্তারের ১০ বলে ১৩ রানের ছোট্ট ক্যামিওতে ভর করে ২০ ওভারে ১৩৬ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রাধা যাদব; তিনি ২৮ রান খরচায় তুলে নেন ৩টি উইকেট। সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখতে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে এখন নাহিদা, মারুফা ও রাবেয়াদের বোলিং আক্রমণের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ।